রাজ্যে ভোটের মরসুমের মধ্যেই বাড়ল রাজনৈতিক তাপমাত্রা। প্রথম দফার ভোটের আগের দিনই ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। কড়া নিরাপত্তার মধ্যে চলছে নির্বাচনী প্রস্তুতি, আর সেই সময়েই এই ঘটনা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন নুসরত। নির্ধারিত সময় মেনে সকালেই টালিগঞ্জের বাড়ি থেকে রওনা দেন তিনি। বেলা সাড়ে দশটা নাগাদ ইডি অফিসে পৌঁছে যান এবং সরাসরি ভেতরে ঢুকে যান। তাঁর সঙ্গে ছিলেন স্বামী যশ দাশগুপ্ত।
প্রথমে শোনা গিয়েছিল রেশন সংক্রান্ত মামলায় তাঁকে ডাকা হয়েছে। তবে পরে স্পষ্ট হয়, এই তলবের সঙ্গে রেশন দুর্নীতির কোনও সম্পর্ক নেই। আসলে ফ্ল্যাট সংক্রান্ত একটি অভিযোগের তদন্তেই তাঁকে ডাকা হয়েছে বলে জানা যায়।
তদন্তকারী সূত্রে খবর, রাজারহাট এলাকায় ফ্ল্যাট কেনাবেচা নিয়ে একটি প্রতারণার অভিযোগ সামনে আসে। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে একটি সংস্থার নাম উঠে আসে, যেখানে নুসরত জাহান ডিরেক্টর পদে ছিলেন। গত কয়েক মাসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
আরও পড়ুনঃ ‘এটা ওই ৩০০ টাকা হবে…’ দামের আন্দাজে হাসির রোল! কাকুর সঙ্গে গায়িকা ইমনের খুনসুঁটি মন জিতে নিল দর্শকদের!
উল্লেখযোগ্যভাবে, প্রথমে কলকাতায় হাজিরা দিতে অনীহা প্রকাশ করেছিলেন নুসরত। তিনি দিল্লিতে হাজিরা দেওয়ার অনুমতি চেয়েছিলেন বলেও জানা যায়। তবে সেই আবেদন গ্রহণ না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতাতেই ইডির দফতরে হাজিরা দিতে হল তাঁকে।





